logo

যাত্রাপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ছেড়ে গেল ট্রেন

যাত্রাপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ছেড়ে গেল ট্রেন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বিকলের আড়াই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশন থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

এর আগে এদিন সকাল সোয়া ৮টার দিকে মশাখালী রেলওয়ে স্টেশন এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সোয়া ৮টার দিকে মশাখালী রেলওয়ে স্টেশন এলাকা পর্যন্ত আসতেই ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। রেলওয়ের কর্মীরা চেষ্টা করেও ইঞ্জিনের ত্রুটি সারাতে পারেনি। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন নিয়ে এলে বেলা ১১টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ইঞ্জিন বিকলের ঘটনায় রেলওয়ে স্টেশনটির একটি লাইন ব্লক হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন মো. আকতার হোসেন।