গাজীপুরে ১৯ জনের শরীরে কৃত্রিম পা সংযোজন, ২৪ প্রতিবন্ধী পেলেন চাকরি

গাজীপুরের টঙ্গীতে দুর্ঘটনায় পা হারানো ১৯ জনের শরীরে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। একই সঙ্গে ছয়জন দৃষ্টিহীন ব্যক্তি পেয়েছেন ডিজিটাল সাদাছড়ি। ২৪ জন প্রতিবন্ধীকে দেওয়া হয়েছে চাকরির নিয়োগপত্র।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে গাজীপুরের টঙ্গীতে জাতীয় শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং মৈত্রী শিল্পের প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ সচিব মো. আবু ইউসুফ এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিরা নতুন কৃত্রিম পা পেয়ে আবার দাঁড়ানোর স্বপ্ন ফিরে পায়েছেন। ছয়জন দৃষ্টিহীনদের হাতে ডিজিটাল সাদাছড়ি তুলে দেওয়ায় তাদের চলাচল ও দৈনন্দিন জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ ছাড়া ২৪ জন প্রতিবন্ধী যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাদের স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নেবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কৃত্রিম পায়ে দাঁড়ানো ব্যক্তিদের বুকে টেনে নেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি দৃষ্টিহীনদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে প্রতিশ্রুতি দেন, প্রশিক্ষণ শেষে তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কম্পিউটার সরঞ্জাম দেওয়া হবে।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রতিবন্ধীদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।