ফরিদপুর/নিজের জমিতে গাছ কাটতেও লাগবে বন বিভাগের অনুমতি

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিজের জমিতে থাকা গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া গাছ কাটলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
সম্প্রতি আলফাডাঙ্গা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬’-এর আওতায় ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা তথা বিভাগীয় বন কর্মকর্তার পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
এছাড়াও অনুমতি ছাড়া কোনো ব্যক্তি গাছ কাটলে তার বিরুদ্ধে আইনের ১০ ধারা অনুযায়ী সরাসরি মামলা দায়ের করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনুর জামান এশিয়া পোস্টকে বলেন, সামাজিক বনায়ন রক্ষা, বৃক্ষ নিধন রোধ এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিজ মালিকানাধীন জমির গাছ কাটার বিষয়েও প্রজ্ঞাপনে উল্লেখিত নিয়ম-কানুন সম্পর্কে মানুষকে সচেতন করাই আমাদের উদ্দেশ্য। এ বিষয়ে প্রচারের জন্য কয়েকজন সাংবাদিককে একটি অডিও ক্লিপ দেওয়া হয়েছিল, যাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরতে পারেন। প্রজ্ঞাপনে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবেই অডিও ক্লিপটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের সামাজিক বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন বলেন, চট্টগ্রামসহ অন্যান্য এলাকায় এ ধরনের আদেশ জারি করা হয়েছে। গাছ কাটার আগে অনুমোদন নেওয়ার বিষয়টি পরিবেশ সুরক্ষার স্বার্থে করা হয়েছে।

