logo

কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় প্রটোকল উপেক্ষা করে এক ব্যক্তির দাফনকাজে সরাসরি অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ ঘটনায় তিনি ব্যাপক প্রশংসা পাচ্ছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে এ মানবিক উদ্যোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাটি সব মহলে জানাজানি হলে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৭ মার্চ) সকালে ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার গারুয়া গ্রামের মৃত আমির হোসেনের পুত্র আজিমুল মিয়া (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিকেলে নিজ বাড়ির পাশেই দাফন করার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবার ও এলাকাবাসী। এর মধ্যে শুরু হয় টিপ টিপ বৃষ্টি।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে উন্নয়নমূলক দুটি কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা সদরে ফিরছিলেন।  সড়কের পাশে একটি কবরস্থানে দাফন কার্যক্রম চলতে দেখে তিনি গাড়িবহর থামিয়ে দেন। গাড়ি থেকে নেমে কবরস্থানে প্রবেশ করেন তিনি। পরে নিজেই কবরে নেমে মরদেহ দাফনের কাজে অন্যদের সঙ্গে অংশ নেন। এ মানবিক ঘটনায় তিনি ব্যাপক প্রশংসা পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী সড়ক দিয়ে যাওয়ার সময় দাফন কাজ দেখে, কাউকে কিছু না বলে কোনো প্রটোকল ছাড়াই দাফনকাজে অংশ নেন। এই বিষয়টি উপস্থিত সবাইকে অবাক করে। এতেই প্রমাণিত হয়, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মানবিক মানুষ।

​ঘটনার প্রত্যক্ষদর্শী নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে সরাসরি অংশ নিতে দেখে আমরা অভিভূত হয়েছি। এটি বর্তমান সময়ে এক বিরল দৃশ্য। আমরা এমন নেতা ও প্রতিমন্ত্রী পেয়ে গর্বিত।