logo
Advertisement

কুমিল্লায় ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলশিক্ষকের

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লায় ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলশিক্ষকের
নিহত শিক্ষক খবির আহমেদ। ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খবির আহমেদ (৫৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত খবির আহমেদ কুমিল্লার লাকসাম উপজেলার নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তার স্ত্রী রেহানা বেগমও একই বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন শনিবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, খবির আহমেদ গত চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার রক্তে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমতে থাকে। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে তাকে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল বলেন, এমন শিক্ষক আর পাব না। তিনি এতটাই নমনীয় ও পরহেজগার মানুষ ছিলেন যা ভাষা প্রকাশ করা কঠিন। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

খবির আহমেদের মৃত্যুতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকেরা গভীর শোক প্রকাশ করেছেন।