নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠন মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহের এক সক্রিয় সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বড়লেখার বোবারথল ষাইটঘরি এলাকার একটি টিলা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাহেদ হোসেন সেনাবাহিনীর একজন চাকরিচ্যুত সদস্য। তিনি সিলেট জেলার বিশ্বনাথ থানার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে।
শুক্রবার (১৫ মে) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার আশঙ্কায় চলতি বছরের ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা ও রেড অ্যালার্ট জারি করা হয়। এরই ধারাবাহিকতায় বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। মাহেদ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে গোপন সংবাদ ছিল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মাহেদ রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলার আসামি। মামলাটি বর্তমানে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাহেদ উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রেড অ্যালার্ট জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।
