logo

হাইল হাওরে জালে আটকা অজগর উদ্ধার

হাইল হাওরে জালে আটকা অজগর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মী ও স্থানীয়রা। ছবি : এশিয়া পোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাইল হাওরের উকুলবেড়ির বিলে স্থানীয় রুমন মিয়ার পাতা মাছ ধরার জালে সাপটি পেঁচিয়ে আটকা পড়ে।

বৃহস্পতিবার সকালে রুমন মিয়া বিষয়টি সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানান। খবর পেয়ে সাবেক এই জনপ্রতিনিধি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরবর্তীতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাবধানে মাছের জাল কেটে সাপটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার করা অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সাপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে নিরাপদ প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করবে।