বরিশালে ‎স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার ও মব সৃষ্টির’ প্রতিবাদ

এশিয়া পোস্ট নিউজ, ‎বরিশাল
বরিশালে ‎স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার ও মব সৃষ্টির’ প্রতিবাদ
মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ। ছবি: এশিয়া পোস্ট

‎​বরিশালের নবনিযুক্ত স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহিনকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচার ও মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের সচেতন নাগরিক সমাজ।

‎শনিবার (১১ জুলাই) নগরীতে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা দাবি করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম অচল করার চেষ্টা করছে।

‎বক্তারা বলেন, গত ৮ জুলাই কর্মস্থলে যোগদানের সময় ডা. মনিরুজ্জামানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তার যোগদানে বাধা দেওয়া হয়। পরবর্তীতে তাকে দপ্তর থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে। তারা এ ঘটনাকে দুঃখজনক ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থি বলে উল্লেখ করেন।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বরিশালের স্বাস্থ্য বিভাগে অস্থিরতা সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে একটি গ্রুপ অবস্থান নিলেও অন্য গ্রুপ তার নিয়োগ বহালের পক্ষে রয়েছে।

‎জানা গেছে, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. মনিরুজ্জামানকে গত ৫ জুলাই বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে নিয়োগ দেয় সরকার এবং ৬ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, ৮ জুলাই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কিছু চিকিৎসক ও শিক্ষার্থীকে নিয়ে পরিচালকের দপ্তরে যান ড্যাবের একাংশের নেতারা। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তাকে দপ্তর ছাড়তে বাধ্য করা হয়।‎

‎মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ব্যক্তিগত বিরোধ বা সংগঠনগত কোন্দলের কারণে একজন সরকারি কর্মকর্তাকে এভাবে হেনস্তা করা গ্রহণযোগ্য নয়। তারা স্বাস্থ্য বিভাগের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে এবং মব সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের বরিশাল বিভাগীয় সদস্য সচিব ডা. মিজানুর রহমান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তুহিন আরাফাত, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মো. মনিরুজ্জামান, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল জাহিদ, ড্যাব নেতা ডা. আনোয়ার হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মমতাজ পারভিন, বরিশাল মহানগর যুবদলের আইনবিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন মিন্টুসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

‎বক্তারা আরও বলেন, স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত পরিস্থিতির অবসান ঘটিয়ে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বিষয় :বরিশাল