Advertisement

বাবার বাড়ি যাওয়া হলো না নাজমার, বাসচাপায় মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
বাবার বাড়ি যাওয়া হলো না নাজমার, বাসচাপায় মৃত্যু
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ফেনীর ছাগলনাইয়ায় বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী মিনিবাসের ধাক্কায় নাজমা আক্তার (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পুরাতন মুহুরীগঞ্জ স্টার লাইন কাউন্টারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা আক্তার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সমিতি বাজার এলাকার ফকির আহমদের একমাত্র মেয়ে এবং ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জসিম উদ্দিনের স্ত্রী।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নাজমা আক্তার মহাসড়কের ঢাকামুখী লেন পার হয়ে চট্টগ্রামমুখী লেনে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ফেনীর দিক থেকে আসা চট্টগ্রামমুখী ‘উত্তরা পরিবহন’-এর একটি দ্রুতগামী মিনিবাস তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফাজিলপুর হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাজমা আক্তারকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় ওই গৃহবধূর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক মিনিবাসটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

বিষয় :ফেনী