logo
Advertisement

মৃত্যুর পরও কোমরসমান পানি মাড়িয়ে শেষ বিদায়

মৃত্যুর পরও কোমরসমান পানি মাড়িয়ে শেষ বিদায়
চাঁদপুরের হাইমচর উপজেলায় কোমরসমান পানি দিয়ে স্বজনরা নিয়ে যাচ্ছে মরদেহ।। ছবি : ভিডিও থেকে নেওয়া

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর জোয়ারের পানি ও নদীভাঙনের কারণে সড়ক তলিয়ে যাওয়ায় এক ব্যক্তির মরদেহ কোমরসমান পানি মাড়িয়ে জানাজার মাঠে নিতে হয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত ১১ সেপ্টেম্বর ভোরে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর আলগী দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের মুদি দোকানি ইসমাইল গাজী। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে শেষ বিদায়ের সময় চরম দুর্ভোগে পড়েন স্বজনরা।

ভিডিওতে দেখা যায়, মেঘনা নদীর জোয়ারের পানি ও নদীভাঙনের কারণে ইসমাইল গাজীর দোকানের সামনের অংশ থেকে বাবুল মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কটি সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। ফলে পরিবারের সদস্য ও স্বজনরা বাধ্য হয়ে কোমরসমান পানি মাড়িয়ে কাঁধে করে মরদেহ জানাজার মাঠে নিয়ে যান।

স্থানীয় যুব ঐক্য পরিষদের সদস্যসচিব শিমুল অধিকারী সুমন বলেন, জীবিত অবস্থায় যেমন দুর্ভোগ ছিল, মৃত্যুর পরও একজন মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

তাদের দাবি, দ্রুত সড়কটি উঁচু করে স্থায়ীভাবে সংস্কার করা হোক, যাতে ভবিষ্যতে আর কাউকে এমন দুর্ভোগ পোহাতে না হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, উপজেলা উন্নয়ন বরাদ্দ থেকে সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। তা সম্ভব না হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলমান বা নতুন প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।