শেরপুরে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্রসহ ভূমিসংক্রান্ত অধিকাংশ কাগজপত্র পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। মূলত একটি কার্যালয় থেকেই দুটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ঘটনার পর সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারস্থ রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কাজ শেষে অফিসে তালা দিয়ে চলে যান কর্মকর্তা-কর্মচারীরা। এরপর বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা অফিস থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ভূমি অফিসের ভেতরে রাখা বেশির ভাগ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ভবনের একাংশ। খবর পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশিদ বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা আমরা দেখিনি, তবে এটি নাশকতামূলক কর্মকাণ্ড। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন জমির কাগজপত্র তুলতে গেলে হয়রানির শিকার হতে হবে। আমরা এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া আর সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম চলমান।

