পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়কে গেল স্কুলছাত্রের প্রাণ

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়কে গেল স্কুলছাত্রের প্রাণ
মানচিত্রে সাতক্ষীরা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

সকালে ছিল স্কুলের পরীক্ষা। অন্য দিনের তুলনায় কিছুটা আগে বের হয় কুশল সরদার। তার সঙ্গে ছিলেন বাবা কানাই লাল সরদার। শিক্ষক বাবা চেয়েছিলেন স্কুলে পৌঁছে দিয়ে নিজেও যাবেন কর্মস্থলে। সেই যাত্রাপথই হয়ে উঠল তার ছেলের জীবনের শেষ পথ। দ্রুতগতির বাসচাপায় প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্র কুশল সরদার। আহত হয়েছেন তার বাবা শিক্ষক কানাই লাল সরদার।

Advertisement

বুধবার (১ জুলাই) সকালে সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

কুশল সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে নলতা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং খুলনা জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে চুকনগর থেকে তালাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলে থাকা কুশল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। তার বাবা কানাই লাল সরদার আহত হন।

আহত অবস্থায় কানাই লাল সরদার বারবার ছেলের নাম ধরে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জানান, কানাই লাল সরদার এলাকায় একজন সজ্জন ও সম্মানিত শিক্ষক হিসেবে পরিচিত। তার স্ত্রী মৌমিতা সরদারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের দুই সন্তানের মধ্যে কুশল ছিল বড়। পড়ালেখায় মেধাবী ও ভদ্র স্বভাবের এই শিক্ষার্থীকে ঘিরে বাবা-মায়ের ছিল অনেক স্বপ্ন।

তালা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।