logo

চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম কোতোয়ালি থানা। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রামহরি বৈষ্ণব নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে লালদীঘির পাড় এলাকায় একটি খাবারের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রামহরি বৈষ্ণব (২০) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা। তিনি লালদীঘির পাড় এলাকার ওই খাবারের দোকানে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে রামহরি তার কর্মস্থল খাবারের দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা টানাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি জানালার পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লালদীঘির পাড় এলাকায় পতাকা টানানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।