জগতের হিতসুখ কামনায় খাগড়াছড়িতে শুভ মধু পূর্ণিমা পালন

জগতের হিতসুখ (মঙ্গল ও শান্তি) কামনায় খাগড়াছড়িতে শুভ মধু পূর্ণিমা পালন করা হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি।
দিনটি উপলক্ষে এদিন সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন বিহারে চলছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশ ও জাতির হিতসুখ কামনায় বৌদ্ধ বিহারে প্রার্থনায় সমাবেত হন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। ভিক্ষুসংঘের ত্রৈ-মাসিক বর্ষাব্রতের দ্বিতীয় পূর্ণিমা তিথি হলো মধু পূর্ণিমা।
এই দিনে পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দানানুষ্টান করেন বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা।

ভগবান গৌতম বুদ্ধের সময়ে পারল্য বনে ভগবান গৌতম বুদ্ধ যখন বর্ষাবাস ধরেছিলেন, তখন গৌতমকে সেবা করতে এক বানর একটি মৌচাক থেকে মধু এনে ভগবান বুদ্ধকে দান করে। তখন থেকে বৌদ্ধ ধর্মালম্বীরা এই পূর্ণিমাকে মধু পূর্ণিমা বলে এবং গুরুত্ব ও শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপন করে।
