সিএনজি চালকদের সুনামগঞ্জ সড়ক অবরোধ

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটের কারণে গ্যাস না পেয়ে সুনামগঞ্জে সড়ক অবরোধ করেছে সিএনজিচালকরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ চালকরা। গ্যাসের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেয় এবং সড়কে গাছের গোড়া ফেলে সড়ক অবরোধ করে রাখেন সিএনজিচালকরা।
এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে চালকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
জানা যায়, পেট্রোল পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্পে আজ বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট চলছে। এতে অন্যান্য জ্বালানি তেলের মতো গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সিএনজি চালিত যানবাহনের চালকেরা বিপাকে পড়েছেন।
বিভিন্ন যানবাহনের চালকেরা জানিয়েছেন, সিএনজি গ্যাস ও কোনো ধরনের জ্বালানি না পেয়ে যাত্রী পরিবহন করতে পারছেন না তারা। তাই গ্যাসের দাবিতে তারা সড়ক অবরোধ করেছিলেন। পরে সদর থানা ও ট্রাফিক বিভাগের পুলিশ এসে চালকদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
সুনামগঞ্জের বিশ্বরম্ভপুর উপজেলার পলাশ এলাকার সিএনজিচালক বাবুল মিয়া বলেন, সকাল ৬টার সময় বাড়ি থেকে রওনা দিয়ে এসেছিলাম গ্যাস নেওয়ার জন্য। এসে দেখি গ্যাস পাম্প বন্ধ। আমরা সিলেটে যাওয়া আসার একটা টিপ ছিল। কিন্তু গ্যাস না থাকায় যেতে পারিনি। দুই হাজার টাকা আমার লস হয়েছে।
সুনামগঞ্জ শহরের কার চালক সাজিদ মিয়া বলেন, সকালে হবিগঞ্জ যাওয়া কথা ছিল যাত্রী নিয়ে। কিন্তু পাম্পে গিয়ে শুনি গ্যাস, পেট্রোল, ডিজেল সব বিক্রি বন্ধ। আগে জানলে রাতে গ্যাস ভরে রাখতাম। গ্যাস না থাকায় হবিগঞ্জ যেতে পারিনি। সারাদিন মাটি হয়ে গেছে গ্যাস না পাওয়ায়।
সুনামগঞ্জের সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পের ব্যবস্থাপক কাজল চন্দ্র দে বলেন, জ্বালানি বিক্রি বন্ধ থাকায় যানবাহনের চালক, মালিক ও যাত্রীদের সাময়িক সমস্যা হচ্ছে। সংগঠনের ডাকা ধর্মঘট পালন করা হয়েছে। সংগঠনের দাবি আদায় হলে জ্বালানি বিক্রি করা হবে।
সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. হানিফ মিয়া বলেন, সিএনজিচালিত যানবাহনের চালকেরা গ্যাসের দাবিতে সড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে তাদেরকে পরিস্থিতি বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।