পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর

পঞ্চগড় সদর উপজেলায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী নামে ৬০ বছর বয়সি বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ধকরাহাট এলাকায় মকছেদ আলী বাইসাইকেল চালিয়ে পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় বোদা থেকে পঞ্চগড়মুখী মোটরসাইকেলে যাচ্ছিলেন বোদা থানায় কর্মরত পুলিশ সদস্য হুমায়ুন কবির। তখন তার মোটরসাইকেল বৃদ্ধের বাইসাইকেলে ধাক্কা দেয়। এ সময় দুজন পড়ে যান। পরে স্থানীয়রা মকছেদ আলী ও হুমায়ুন কবিরকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন কবিরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় কুমার রায় বলেন, মাথা, কানসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।