চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে হত্যার অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে হত্যার অভিযোগ
চট্টগ্রামের কোতোয়ালী থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কোতোয়ালী এলাকার পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক হাইস্কুল প্রাঙ্গণ থেকে জয়নাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুরির অপবাদ দিয়ে ওই যুবককে রাতভর নির্যাতন ও বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার অভিযোগে স্কুলের দুই নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

Advertisement

রোববার (২১ জুন) সকালে কোতোয়ালী থানা পুলিশ স্কুল প্রাঙ্গণ থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জয়নাল পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক হাইস্কুলে প্রবেশ করলে চোর সন্দেহে তাকে আটকে রাখা হয়। স্কুলের দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা সারা রাত তাকে মারধর করেন।

বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের একপর্যায়ে তার মৃত্যু হয়। সকালে খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও স্কুলের একজন দায়িত্বশীল কর্মী দাবি করেন, রাতে চুরি করতে এসে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল আহত হন। মৃত্যুর বিষয়ে তাদের জানা নেই।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান। স্কুলের দুই নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।