কুষ্টিয়ায় ওয়ান শুটার গান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ সাকিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার হরিপুর ব্রিজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব হাটশ হরিপুর এলাকার ওয়াজ শেখের ছেলে।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল হাটশ হরিপুরের ব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে সাকিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।