মাদারীপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউনে ‘জয় বাংলা’ স্লোগান

মাদারীপুরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঘোষিত শোক সভা কেন্দ্র করে মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রায় এক নেতাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। স্লোগান দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৮ মিনিটের দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে মোটরসাইকেল শোডাউন চলাকালে এ ঘটনা ঘটে।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। এর অংশ হিসেবে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার মাতুব্বরের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে অবস্থান ও শোডাউন করেন তারা। শোডাউনের সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এক নেতার মুখ থেকে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।
এ বিষয়ে জানার জন্য জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ বাসার মাতুব্বরের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
জেলা কৃষকদলের সদস্য সচিব সদস্য সচিব অহিদুজ্জামান খান ওহিদ বলেন, কে বা কারা শোডাউন করেছে আমার জানা নেই। বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি।
জেলা কৃষক দলের আহ্বায়ক অলিউর রহমান দর্জি বলেন, আমাদের দলের মোটরসাইকেল শোডাউনে এ রকম কেউ স্লোগান দিয়ে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নেব।
পুলিশ জানায়, ১৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনো পক্ষ যাতে সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্লোগানের বিষয়ে আমাদের জানা নেই। যদি এ রকম কেউ দিয়ে থাকে বিষয়টি অবশ্যই আইনবহির্ভূত। তদন্ত করে খতিয়ে দেখা হবে।



