জীবন নিয়ে শঙ্কায় বিএনপি প্রার্থী, পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন

নাটোরের সিংড়ায় দুর্বৃত্তদের হামলায় দলীয় কর্মী ও জিয়া পরিষদের সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উদ্ভূত পরিস্থিতিতে নির্বিঘ্নে প্রচারণা চালানো ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে পুলিশি নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের কার্যালয়ে এই আবেদনপত্র জমা দেওয়া হয়। প্রার্থীর পক্ষে সিংড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রব আবেদনটি পৌঁছে দেন।
জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) রাতে সিংড়ার কলম ইউনিয়নে বিএনপি সমর্থক ও কলেজ শিক্ষককে নৃশংসভাবে হত্যার পর পুরো নির্বাচনি এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু আবেদনে উল্লেখ করেন, বর্তমানে তাকে প্রচারণার প্রয়োজনে বিভিন্ন দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত করতে হচ্ছে। সম্প্রতি তার একনিষ্ঠ কর্মীর নির্মম মৃত্যুতে তিনি নিজের জীবন নিয়ে গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচনি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তিনি।
এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, বিএনপি প্রার্থীর পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে। নির্বাচনি বিধি মোতাবেক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপার যথাযথ পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, ২১ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও জিয়া পরিষদ সদস্য রেজাউল করিম (৫৩)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে আগুন দিলে ছাবিহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।