logo
Advertisement

ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরি, আসামির কাছে মিলল ১ লাখ ৬১ হাজার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
দেবিদ্বার, কুমিল্লা
ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরি, আসামির কাছে মিলল ১ লাখ ৬১ হাজার
দেবিদ্বার পৌর এলাকার পূবালী ব্যাংকের শাখায় বসে টাকা গুনছিলেন গ্রাহক ও গ্রেপ্তার আসামি বিপ্লব হোসেন। কোলাজ ছবি

কুমিল্লার দেবিদ্বারে ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের চার লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে দেবিদ্বার পূবালী ব্যাংক শাখার ভেতরের একটি সোফায় বসে ৪ লাখ টাকা গুনছিলেন স্থানীয় গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় তার অসাবধানতার সুযোগ নিয়ে পেছন থেকে টাকার বান্ডিল নিয়ে চম্পট দেয় চোরচক্র। ঘটনাটি ব্যাংকের সিসি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে এবং পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানায় মামলা করেন।

সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেবিদ্বার থানা-পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ থেকে আসামি বিপ্লবকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী জাকির হোসেন আসামি গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে তার কষ্টার্জিত বাকি টাকাও উদ্ধারের দাবি জানিয়েছেন।

কুমিল্লা দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন মিয়া জানান, ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে শনাক্ত করা হয়। চুরির বাকি টাকা উদ্ধার পুলিশ কাজ করছে।