চুয়েটে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুপক্ষের মধ্যে কয়েক দফা মারামারির ঘটনা ঘটে।
এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য এবং দৈনিক আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসে ছিলেন।
এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে ভৈরব কেন নিষেধ করেছিলেন, এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা না করতে বলার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা যায়।
বিষয়টি নিয়ে শুক্রবার রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়া ওই সভায় দুপক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুলসহ অনেকে মারামারিতে জড়িয়ে পড়েন। শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষ চলাকালে মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও আরেক দফা মারামারি হয়।
এ বিষয়ে ভৈরব বর্মণ বলেন, আমার সঙ্গে ঝামেলা করে পাঁচজন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক ও মো. আব্দুল্লাহ কাজী, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়ামসহ কয়েকজন সেখানে ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেছিলাম। আলোচনা সুন্দর চলছিল, কিন্তু ওরা নিজেরা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমার বন্ধুদের মারধর করে। এ রকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ থেকেই মারামারি শুরু হয়।
এ ব্যাপারে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
চুয়েট চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী চিকিৎসক না দেখিয়ে নিজেরাই অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছেন বলে চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা গেছে।
এদিকে সংঘর্ষের সময় দৈনিক আমাদের সময় পত্রিকার চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দীন ঘটনার ভিডিও ধারণ করছিলেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলমান মারামারি থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনেক শিক্ষার্থী নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ২০২১-২২ শিক্ষাবর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী ওই সাংবাদিককে ধরে ভিডিও করার কারণ জানতে চান এবং তার ওপর চড়াও হন। একপর্যায়ে তারা তাকে মারধর শুরু করেন।
হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করে পরিচয় প্রকাশ করা হবে।

