logo

দর্শনার্থীদের পদচারণায় মুখর সিলেটের পর্যটনকেন্দ্র

দর্শনার্থীদের পদচারণায় মুখর সিলেটের পর্যটনকেন্দ্র

পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের দিন থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ভ্রমণপিপাসুরা ছুটছেন এসব এলাকায়।

গতকাল রোববার (২২ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের জাফলং, সাদাপাথর, বিছানাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও পান্তুমাইসহ জেলার বিভিন্ন স্পট দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল। একই সঙ্গে নগরের আশপাশের চা বাগান এলাকাগুলোতেও ছিল উপচেপড়া ভিড়। বিশেষ করে লাক্কাতুরা ও মালনিছড়া চা বাগানে ঈদের দিন থেকেই শুরু হয় দর্শনার্থীদের ঢল। সবুজ চা-বাগানের শান্ত পরিবেশে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভিড় জমান হাজারো মানুষ।

এদিকে, পর্যটনকে কেন্দ্র করে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও সেবাভিত্তিক কার্যক্রমে বেশ চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে। জাফলংয়ের নৌকার মাঝি ছালাম মিয়া বলেন, ঈদের আগে আয় একেবারেই কম ছিল। ঈদের ছুটিতে মানুষের ভিড় বাড়ায় ভালোকিছু আশা করছি।

স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ঈদের দিন থেকেই দোকানে ভিড় বেড়েছে। পানি, খাবার ও স্থানীয় পণ্যের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পর্যটকদের চাপ সামাল দিতে মাঠে কাজ করছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার চৌধুরী বলেন, পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কেউ সমস্যায় পড়লে ট্যুরিস্ট পুলিশকে দ্রুত জানানোর অনুরোধ জানান তিনি।