logo
Advertisement

চট্টগ্রামে বকেয়া বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে বকেয়া বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
চট্টগ্রামের বায়েজিদে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। ছবি: এশিয়া পোস্ট

বকেয়া বেতন, গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনা পরিশোধ এবং বিনা নোটিশে ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শতাধিক শ্রমিক।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে শ্রমিকরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মুরাদপুর-অক্সিজেন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব অবহিতকরণ ছাড়াই কারখানাটি বিক্রি করে দেওয়া হয়েছে। আগামী মাস থেকে তাদের চাকরি থাকবে না বলেও জানানো হয়েছে। তবে চাকরি থেকে অব্যাহতির বিষয়ে শ্রমিকদের এক মাস আগে কোনো নোটিশ দেওয়া হয়নি।

শ্রমিকরা আরও অভিযোগ করেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে কারখানায় কর্মরত অনেক শ্রমিকের ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত বেতন ও গ্রাচুইটি বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন-ভাতাও নিয়মিত ও যথাসময়ে পরিশোধ করা হয়নি।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মাহমুদা বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।