logo

জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান রুবেল (৩৪) ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে। তিনি ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। জামায়াত নেতা হত্যা মামলার ৫৫ নম্বর আসামি তিনি।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, শেরপুরের ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে গত ২৮ জানুয়ারি উপজেলা প্রশাসনের নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ মোট ২৩৪ জনের নামে মামলা করেন। এর মধ্যে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টে বিভাগ ৪০ জনকে ৬ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন। 

জামিন পাওয়ার পর প্রতিবাদে সোমবার দুপুরে নিহতের স্ত্রী ও জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন। এরপর রাতে এই মামলায় সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

এদিকে, গ্র‍েপ্তারের এই ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাতেই শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করেনি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।