প্রাণবন্ত নয়, সংসদ হতে হবে কার্যকর: চিফ হুইপ

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, সংসদকে প্রাণবন্ত করার একটি প্রচলিত ধারণা আছে। এটা পরিবর্তন করে সংসদকে কার্যকর করতে হবে।
রোববার (৮ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে তিনি এসব কথা বলেন। এর আগে চিফ হুইপের নেতৃত্বে সংসদের হুইপরা বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা।
এ সময় জাতীয় সংসদের হুইপ, জি কে গউছ, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।
চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, বিরোধী দলকে সব বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। দেশের সব সমস্যা (সমাধান) ও কাজের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। তাই সংসদকে কার্যকর করার প্রস্তুতি আমাদের আছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই কাজ করে চলছি। আমরা চাই জাতীয় সব বিষয় সংসদে বিতর্ক হোক এবং বিরোধী দল সেই বিতর্ক করুক।
তিনি বলেন, প্রথম সংসদ অধিবেশন এবার একটু ব্যতিক্রমভাবে কার্যকর হবে। আমাদের সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকার (কারাগারে) পদত্যাগ করেছেন । আমাদের প্রথম সংসদে তাদের (স্পিকার এবং ডেপুটি স্পিকার) নির্বাচন করতে হবে। আমাদের সামনে চেয়ার খালি থাকবে। প্রথম অধিবেশনে সংসদ নেতা প্রস্তাবনা করবেন এই দুই পদের জন্য। প্রস্তাবনা অনুযায়ী নির্বাচিত ব্যক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে প্রথম সংসদ অধিবেশন।
চিফ হুইপ বলেন, এই সংসদে ১৩৩টি অর্ডিন্যান্স (সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের জারি করা) লে-আউট করে আমরা কাজ করব। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী ৩০ দিনের মধ্যে আমাদের এ কাজগুলো বাস্তবায়ন করতে হবে।
এ সময় সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।