বিজিবির পদক্ষেপে দহগ্রামে শুরু হলো সড়ক মেরামত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন হওয়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতার প্রধান সড়কটির মেরামতকাজ অবশেষে শুরু হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পদক্ষেপে সড়ক মেরামতের মালামালবাহী ট্রাক বৃহস্পতিবার (৬ আগষ্ট) সন্ধ্যায় দহগ্রামে প্রবেশের অনুমতি পায়।
এর আগে, বৃহস্পতিবার সকালে সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢল ও পানির স্রোতে দহগ্রাম-আঙ্গরপোতার ‘সিস্টায়ার বাজা’ এলাকার প্রধান পাকা সড়কের একটি বড় অংশ ধসে যায়। ১০ ফুট গভীর খাদের সৃষ্টি হয়ে অন্তত দুই হাজার পরিবারের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
জনভোগান্তি নিরসনে লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জরুরি মেরামতের উদ্যোগ নিয়ে বালুসহ অন্যান্য সামগ্রী পাঠায়। কিন্তু তিন বিঘা করিডোর সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মালামালের ট্রাকটি আটকে দিলে মেরামতকাজ সাময়িক বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবি সীমান্ত পর্যায়ে যোগাযোগ জোরদার করে। রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) পক্ষ থেকে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও অনুরোধ জানানো হলে জটিলতার অবসান ঘটে।
বিজিবি সূত্র জানায়, দহগ্রামের বাসিন্দাদের ভোগান্তি ও জরুরি সড়ক মেরামতের বিষয়টি বিবেচনায় এনে বিএসএফের সঙ্গে সমন্বয় করা হয়েছে। বিজিবির অনুরোধের পর তারা ট্রাকটি ভেতরে প্রবেশের অনুমতি দেয়। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বহাল রাখতে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ওসমান গনি জানান, মালামালবাহী ট্রাকটি প্রবেশ করার পর দহগ্রামে সড়ক মেরামত কাজ শুরু করেছি।



