সুনামগঞ্জে অর্ধকোটি টাকার ভারতীয় কাতান শাড়ি জব্দ

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে অর্ধকোটি টাকার ভারতীয় কাতান শাড়ি জব্দ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় কাতান শাড়ি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সদর উপজেলার সুরমা ইউনিয়নের ষোলঘর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে হোসাইন আজাদের বসতঘর থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিক।

পুলিশ জানায়, চোরাকারবারিরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় শাড়ি এনে ষোলঘর গ্রামের ওই বাড়িতে লুকিয়ে রেখেছিল। রাতের আঁধারে শাড়িগুলো সুনামগঞ্জ শহরের বাজারে পাচারের প্রস্তুতি চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় হোসাইন আজাদের বসতঘর থেকে আটটি বস্তাভর্তি কাতান শাড়ি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালানের প্রায় অর্ধকোটি টাকার কাতান শাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।