ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মারুফ (২১) ও স্বাধীন (২০) নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মারুফ ও স্বাধীন ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ওই ছাত্রীর মা কাজে বের হন। সেদিন বিকেল ৩টার দিকে মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। সন্ধ্যায় কাজে থেকে ফিরে মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পারেন তার মা। পরে তিনি বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
