শেখ হাসিনার কবরও দেশের মাটিতে হবে না: সরজিস আলম

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কবরও এ দেশের মাটিতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় ও গণহত্যা চালিয়েছেন, তার জন্য ডিসেম্বরে দেশে ফেরার কথা তো দূরের কথা, তার কবরও এ দেশের মাটিতে হবে না।’
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটিতে আয়োজিত এনসিপির এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম তার বক্তব্যে তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও জেলা পরিষদগুলোতে জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বের জোর দাবি জানান।
পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বর্তমান জেলা পরিষদগুলোর সমালোচনা করে এনসিপি নেতা বলেন, ‘জেলা পরিষদগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। শুধু রাজনৈতিক পরিচয়ে নয়; সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ এবং পাহাড়ের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই জেলা পরিষদ গঠন করতে হবে।’
সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, রাঙ্গামাটি জেলা এনসিপির সদস্য সচিব মো. শোয়েবসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



