logo

রাঙামাটির পশুর হাট কাঁপাবে ১৬ মণের ‘রয়েল’

রাঙামাটির পশুর হাট কাঁপাবে ১৬ মণের ‘রয়েল’
ছবি: এশিয়া পোস্ট

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাঙামাটির কোরবানির পশুর হাটে আলোড়ন সৃষ্টি করতে আসছে দানব আকৃতির গরু ‘রয়েল’। সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে বেড়ে ওঠা এই শাহীওয়াল জাতের গরুটি বর্তমানে এলাকার আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।

জেলার লংগদু উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নের রশিদপুর এলাকায় দীর্ঘ পাঁচ বছর ধরে গরুটি লালন-পালন করছেন স্থানীয় কৃষক নাজিম উদ্দিন।

তিনি বলেন, গত পাঁচ বছর ধরে নিজের সন্তানের মতো গরুটি লালন-পালন করেছেন তিনি। কোনো ধরনের ক্ষতিকারক ওষুধ বা স্টেরয়েড ছাড়াই শুধুমাত্র সবুজ ঘাস, খড় ও খৈলের মতো প্রাকৃতিক খাবারে গরুটিকে বড় করেছি। বর্তমানে রয়েলের ওজন প্রায় সাড়ে ৬০০ কেজি বা সাড়ে ১৬ মণ। এর দাম ৭ লাখ টাকা আশা করেন তিনি।

কৃষক নাজিম উদ্দিন আরও বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এমন একটি বড় গরু তৈরি করার। গত পাঁচ বছর ধরে আমি রয়েলের পেছনে দিনরাত সময় দিচ্ছি। এখন উপযুক্ত দাম পেলে আমার এই কষ্ট সার্থক হবে।

স্থানীয় প্রতিবেশী মো. জয়নাল আবেদীন জানান, নাজিম একজন অত্যন্ত দরিদ্র ও পরিশ্রমী কৃষক। অভাবের মধ্যেও রয়েলকে পরম আদরে বড় করেছেন তিনি। বিশাল আকৃতির এই গরুটি দেখতে এখন প্রতিদিন মানুষের ভিড় বাড়ছে নাজিমের বাড়িতে।

এআইটি পল্লী পশু চিকিৎসক আল-আমিন জানান, প্রায় পাঁচ বছর আগে শাহীওয়াল জাতের এই উন্নত গরুটি দেওয়া হয়েছিল। আমরা নিয়মিত গরুটির স্বাস্থ্য তদারকি করেছি। নিয়মিত লিভারটনিক ও কৃমিনাশক ছাড়া অন্য কোনো কেমিক্যাল বা ক্ষতিকারক ইনজেকশন ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ায় লালন-পালন করায় গরুটি বেশ সুঠাম ও সুস্থ। এই উপজেলায় সচরাচর এত বড় গরু দেখা যায় না।