logo

মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে দুই যুবককে মারধর করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরির সময় স্থানীয়রা দুই যুবককে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাদেরকে মারধর করেন। আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মৃতরা হলেন, উপজেলার গোয়ালিমান্দ্রা বেদে পল্লীর বাসিন্দা ফরহাদ মিয়ার ছেলে সাগর এবং শহিদুল ইসলামের ছেলে ছানারুল।

স্থানীয়রা জারার, সম্প্রতি ওই এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকার ছাগল চুরি হয়। সেই ঘটনায় ওই দুই যুবককে সন্দেহ করা হয়। এর জেরেই জনতার মধ্যে উত্তেজনা তৈরি হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ফিরোজ কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।