ফটিকছড়িতে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর সভা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার মাইজভান্ডার দরবার শরিফ-সংলগ্ন রোসাংগিরী এলাকায় একটি বিশ্রামাগারে এ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর সভার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, বিশ্রামাগারটি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের অর্থায়নে মাইজভান্ডারি ভক্তদের জন্য নির্মিত ও পরিচালিত হয়ে আসছে। সেখানে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ব্যানারে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
পুলিশ জানায়, খবর পাওয়ার পর ঘটনাস্থলে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগে অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন। বৃহস্পতিবার রাতে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, বিষয়টি জানার পর পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আমরা নিষিদ্ধ সংগঠন না হওয়া সত্ত্বেও স্বাভাবিকভাবে সভা-সমাবেশ করতে পারিনি। বর্তমানে নিষিদ্ধঘোষিত একটি সংগঠন প্রকাশ্যে সভা করছে। আমরা ছাত্রলীগের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম প্রতিহত করা হবে।
