logo

মানিক পশারীর দাফনে বাধা /সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল মোমেনের সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক বিলাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোতা মিয়া, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ, শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা হাতে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা বলেন, মহান মুক্তিযুদ্ধের এত বছর পরও স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত-শিবির ও রাজাকারের দোসররা বিভিন্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করছে এবং মহান মুক্তিযুদ্ধকে বারবার অপমান করছে। স্বাধীন দেশে জীবিত অবস্থায় এমন ঘটনা দেখে মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পিরোজপুরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার ঘটনার সাথে জড়িত জামায়াত-শিবির ও সকল রাজাকারের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শের সরকারকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঔদ্ধত্য দেখানোর সাহস না পায়।

সভাপতির বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল মোমেন বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের সরকার ক্ষমতায় থাকার পরও জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধী চক্র একজন মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার সাহস পায় এর জন্য আমরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে যাইনি। বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারের সন্তান বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি, মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।