পর্যায়ক্রমে সব শিশু হামের টিকা পাবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঘাটতি কাটিয়ে পর্যায়ক্রমে দেশের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে বলে নিশ্চয়তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেছেন, সরকার অত্যন্ত দ্রুত গতিতে পদক্ষেপ নিয়েছে।ঘাটতি পূরণ করা হয়েছে। টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে।
রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের হাম প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যে জায়গাগুলোতে ঘাটতি আছে, আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি। কোনো রকম ঘাটতি রাখব না৷ আপনারা সহযোগিতা করুন, সচেতন করুন যেন সবাই টিকা নেয়। যত বেশি শিশু এই টিকার আওতায় আসবে আমরা তত বেশি নিরাপদ থাকব।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু করেছি৷ সরকার একটি বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। টিকাদান বিষয়ক একটি বিশেষ বিশেষজ্ঞ কমিটি রয়েছে। প্রতিদিন সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্যের ভিত্তিতে কোন কোন উপজেলা বেশি আক্রান্ত সেগুলো শনাক্ত করছি। বিশেষজ্ঞ কমিটি আমাদের পরামর্শ দিচ্ছে। আমাদের সহযোগিতা করছে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো। আমরা তথ্য ও বিজ্ঞানের ভিত্তিতে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছি৷
তিনি আরও বলেন, আমাদের সরকার ও স্থানীয় প্রতিনিধিরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমি সরকারের পক্ষ থেকে বলতে চাই আমাদের সরকার এই শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ও দিবে৷ একটি শিশুও টিকার বাইরে থাকবে না। আমরা কর্মসূচি শুরু করেছি ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। যারা টিকা আজকে দিচ্ছেন তারা বাড়ি গিয়ে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের শিশুদের পাঠিয়ে দেবেন টিকা নেওয়ার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন—গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা প্রশাসক, গাজীপুর পুলিশ সুপার, গাজীপুর জেলা সিভিল সার্জন, ইউনিসেফের কর্মকর্তাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা৷