অনলাইনে বীজ কিনে শুরু, নজর কাড়ছে রকিবুলের ‘ব্ল্যাক রাইস’

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ভিয়েতনাম জাতের ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন রকিবুল হক নামে এক যুবক। পেশায় ব্যবসায়ী রকিবুলের ব্ল্যাক রাইস ক্ষেত এখন সবার নজর কাড়ছে। তার ব্ল্যাক রাইসের ক্ষেত দেখতে ভীড় করছেন অনেকে।
বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের দিঘড়ী গ্রামে ৩৩ শতাংশ জমিতে ব্ল্যাক রাইস আবাদ করেছেন রকিবুল। তিনি ওই গ্রামের আমিনুল হকের ছেলে এবং পেশায় কসমেটিকস ব্যবসায়ী।
জানা গেছে, অনলাইনে ৫০০ টাকায় এক কেজি ব্ল্যাস রাইস কিনে এনে বাড়িতে রান্না করেন রকিবুল। এরপরই তিনি সিদ্ধান্ত নেন এই ধান নিজে আবাদ করবেন। পরে অনলাইনে ২ কেজি ব্ল্যাক রাইসের বীজ ১ হাজার ১৫০ টাকায় কিনে এনে বীজতলা তৈরি করেন। বাবা আমিনুল ইসলামের ধান চাষ করার মতো জমি থাকলেও তিনি জমি দিতে রাজি হননি। পরে রকিবুল ২৪ হাজার টাকায় ৩৩ শতক জমি এক মৌসুমের জন্য ইজারা নেন। সেই জমিতে ৯ জুলাই ব্ল্যাক রাইসের চারা রোপণ করেন তিনি। অক্টোবরের ১০/১২ তারিখের মধ্যে এই ধান কাটা হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্তৃর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে কালো রঙের ধান। কাছে গেলে ধানের শীষেও চোখে পড়ে ভিন্নতার ছাপ। এমন ধান দেখতে প্রতিদিনই ভিড় করছেন মানুষ। কিছু গাছে আগায় বের হয়েছে শীষ। কালো শীষের ধান সংগ্রহে অনেকেই যোগাযোগ করছে রকিবুলের সঙ্গে। আবার অনেকে অনলাইনে বীজ সংগহের জন্য যোগাযোগ রাখছেন তার সঙ্গে।
ওই এলাকার কৃষক সুমন, আকাশ ও কাশীনাথ অনেক কৃষক তাকে বীজের জন্য আগাম বলে রেখেছেন। তারা বলেন, অনেক সুন্দর ধান হয়েছে। আমরাও এই ধান আগামীতে চাষ করতে চাই। তাই তাকে বীজের কথা বলে রেখেছি। তাছাড়া তার অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারব।

জানা যায়, ধানের শীষও সাধারণ ধানের চেয়ে বড়। অন্যান্য ধানের মতোই এ ধানের পরিচর্যা করতে হয়। ধানগুলো দেখতে যেমন কালো, চালও দেখতে তেমন কালো। এ চালের ভাতও কালো এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। বাড়িতে পরিবার নিয়ে খাওয়ার এবং উৎপাদন কেমন হয় এবং গ্রাহক কারা তা জানতে প্রথম ব্ল্যাক রাইস বা কালো ধান চাষ করেছেন বলে জানান রকিবুল হক। তবে সফলতা পেলে আগামীতে ব্যাপক ভাবে চাষ করার পরিকল্পনা রয়েছে তার। এছাড়া ব্ল্যাক রাইসের ওপরে প্রামাণ্য চিত্র দেখে তিনি জেনেছেন কালো চাল ডায়াবেটিস, স্নায়ুরোগ ও বার্ধক্য প্রতিরোধক। এতে ভিটামিন, ফাইবার ও মিনারেল রয়েছে। কালো চাল উৎপাদনে উদ্যোগী হওয়ার এটাও একটা কারণ। তিনি বলেন, অনলাইনে দেখেছি ব্ল্যাক রাইস শরীরে চর্বি জমতে দেয় না, ধীরে ধীরে হজম হয়। এ কারণে এ ধানের ভাত খেলে ক্ষুধা কম লাগে।
রকিবুল বলেন, ‘আমি ৩৩ শতাংশ জমিতে ১৮ থেকে ২০ মণ ধান পাব। ৪০০ টাকা কেজি হিসেবে ১৬ হাজার টাকা মণ দরে এই ধান বিক্রি হচ্ছে। সেই হিসেবে আমি ৩ লাখ ২০ হাজার টাকার ধান বিক্রি করতে পারব।’
রকিবুল হক আরও বলেন, ব্ল্যাক রাইস ধান সাধারণ ধানের মতো চাষ হয়ে থাকে। এ ধান চাষে অতিরিক্ত সার বা পানির প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না আলাদা কোনো পরিচর্যারও।
তিনি বলেন, ‘এ বছর জমি থেকে যে পরিমাণ ধান পাওয়া যাবে, তা স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করব। সাধারণত ব্ল্যাক রাইসের দাম বেশি এবং খোলা বাজারে পাওয়া যায় না। তাই এরপরের বছর বেশি করে আবাদ করব এবং সেই ধান থেকে চাল উৎপাদন করে বিভিন্ন সুপারশপে বিক্রি করব।’
রকিবুল হকের বাবা আমিনুল হক বলেন, ‘প্রথমে ভরসা পাইনি। মনে করেছিলাম ছেলে ইন্টারনেট দেখে পাগলামি করছে। তাই ছেলে চাইলেও ব্ল্যাক রাইস চাষ করার জন্য জমি দেয়নি। কিন্তু ছেলে জেদ করে জমি ইজারা নিয়ে ব্ল্যাক রাইস চাষ করেছে। দেখে মনে হচ্ছে ভালো করেছে। আগামীতে তাকে জমি দেব। সে যত খুশি ব্ল্যাক রাইস চাষ করবে।’
বোচাগঞ্জ উপজেলা কৃষি অফিসার নয়ন কুমার সাহা বলেন, ব্ল্যাক রাইস বা কালো চালের প্রধান স্বাস্থ্য উপকারিতা হলো এটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট (অ্যান্থোসায়ানিন), ফাইবার এবং আয়রন সমৃদ্ধ, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন কমানো এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য সুরায় অত্যন্ত কার্যকর। পুষ্টিগুণের আধিক্যের কারণে বিশ্বজুড়ে একে ‘সুপারফুড’ বলা হয়। রোগ প্রতিরোধী এ ধানের চাল উৎপাদন করে সারাদেশে ছড়িয়ে দেওয়া গেলে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান বলেন, ব্ল্যাক রাইস দেশে বিভিন্ন জেলায় চাষ হচ্ছে। এই উপজেলায় এবারই প্রথম চাষ হয়েছে। সঠিকভাবে উৎপাদন ও বাজারজাত করতে পারলে এটি লাভজনক হবে। কারণ এটি শৌখিন ক্রেতারা পছন্দ করেন। আমরা তার সফলতা দেখার অপেক্ষায় আছি।
