Advertisement

টাঙ্গাইলে আধুনিক প্রাণিসম্পদ ল্যাব, স্বস্তিতে খামারিরা

এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল
টাঙ্গাইলে আধুনিক প্রাণিসম্পদ ল্যাব, স্বস্তিতে খামারিরা
টাঙ্গাইলে আধুনিক প্রাণিসম্পদ ল্যাব। ছবি: এশিয়া পোস্ট

প্রাণিসম্পদের রোগ নির্ণয়ে দীর্ঘদিন ধরেই নানা ভোগান্তির মুখে পড়ছিলেন টাঙ্গাইলের খামারিরা। সঠিকভাবে রোগ শনাক্ত করা না যাওয়ায় অনেক সময় ভুল চিকিৎসা দিতে হতো। এতে একদিকে যেমন পশুর মৃত্যুহার বাড়ত, অন্যদিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তেন খামারিরা। সেই সংকট কাটাতে গোপালপুর উপজেলায় প্রতিষ্ঠা করা হয়েছে জেলার প্রথম আধুনিক প্রাণিসম্পদ ডায়াগনস্টিক ল্যাব।

সংশ্লিষ্টরা বলছেন, এই ল্যাবে পোলট্রি, গরু, ছাগলসহ বিভিন্ন পশুর নমুনা আধুনিক প্রযুক্তিতে পরীক্ষা করে দ্রুত ও নির্ভুলভাবে রোগ শনাক্ত করা হচ্ছে। একইসঙ্গে খামারিদের লোকসান কমিয়ে উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

রমজান নামে এক খামারি জানান, আগে অনুমানের ওপর ভিত্তি করে চিকিৎসা দিতে হতো। এখন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী চিকিৎসা দেওয়ায় উৎপাদন বাড়ছে এবং ক্ষতি কমছে।

বেল্লাল হোসেন নামের আরেক খামারি জানান, আমার চার হাজার মুরগি ছিল। ভুল চিকিৎসার কারণে একসময় অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। তখন যদি এই ল্যাবটি থাকত, তাহলে পরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা করাতে পারতাম। এখন এই ল্যাবের সেবা নিয়ে আমি সন্তুষ্ট।

গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক বলেন, প্রাণিসম্পদ খাতে আধুনিক ডায়াগনস্টিক সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগের সঠিক কারণ শনাক্ত না করে চিকিৎসা দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এই ল্যাবে ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবীসহ বিভিন্ন রোগের পরীক্ষা দ্রুত করা সম্ভব হচ্ছে। ফলে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমবে, সঠিক চিকিৎসা নিশ্চিত হবে এবং খামারিদের আর্থিক ক্ষতিও অনেকাংশে কমে আসবে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করতে আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থার কোনো বিকল্প নেই। গোপালপুরের এই ল্যাব শুধু এ উপজেলারই নয়, টাঙ্গাইলের বিভিন্ন এলাকার খামারিদেরও সেবা দেবে। এতে উৎপাদনশীলতা বাড়বে, প্রাণিসম্পদের মৃত্যুহার কমবে এবং খামারিরা আরও লাভবান হবেন।

ল্যাব টেকনিশিয়ান আব্দুল লতিফ বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ সেবা প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করবে এবং টাঙ্গাইলকে পোল্ট্রি উৎপাদনের অন্যতম সম্ভাবনাময় জেলায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় :টাঙ্গাইল