খুলনায় কিশোরীকে লক্ষ্য করে গুলি

খুলনা নগরীর সদর থানাধীন রূপসা বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ইতি (১৫) নামে এক কিশোরী আহত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি ইতির বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত ইতিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ কিংবা হামলাকারীদের পরিচয় জানা যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।




