নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন জামায়াত আমির

নোয়াখালীতে নির্বাচন-পরবর্তী সহিংসতা, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জেলা জামায়াতে ইসলামী। এ সমাবেশে যোগ দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে এ তথ্য জানান নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন-পরবর্তী সময়ে নোয়াখালীর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে নারী নির্যাতনের মতো ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ সফল করতে জেলা জামায়াতের পক্ষ থেকে সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে নির্দিষ্ট সময়ে নোয়াখালী জেলা শহীদ মিনার চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে এ সমাবেশের ব্যাপারে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা জামায়াতের নেতারা।