মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির বন্দিশালায়, দেশে ফিরলেন ৪১ জেলে

‘বন্দিশালায় প্রতিদিন সাত ঘণ্টা শ্রম, কাজ করতে না চাইলে মারধর আর দিনে একবেলা ভাত এভাবেই মানবেতর জীবন কাটিয়েছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি জেলেরা। প্রায় নয় মাস বন্দিদশা কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন কক্সবাজারের টেকনাফের ৪১ জেলে। ফেরত আসা জেলেদের কয়েকজন জানিয়েছেন, দীর্ঘ বন্দিজীবনে নির্যাতন ও অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে তাদের দিন কাটাতে হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে আটক থাকা জেলেদের ফিরিয়ে আনা হয়েছে।
আজ বিকেলে ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম ও টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আরাকান আর্মির বন্দিশালা থেকে দেশে ফেরা জেলে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার মঞ্জুর আলম (৩৫) বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমরা পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্ব পাশে মাছ ধরতে গিয়েছিলাম। এ সময় আরাকান আর্মির সদস্যরা আমাদের ধাওয়া করে আটক করেন।
মঞ্জুর আলম বলেন, প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হতো। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিকের মতো কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হতো। সারা দিনে খাবার হিসেবে দেওয়া হতো মাত্র একবেলা ভাত। এভাবে নয় মাস মানবেতর জীবন কাটিয়েছি।
ফেরত আসা আরেক জেলে শাহপরীর দ্বীপের আতিক উল্লাহ জানান, আমাদের বোটের গিয়ার নষ্ট হয়ে যাওয়ার পর ১৮ দিন সাগরে ভাসতে ভাসতে রাখাইনের শাহপুর এলাকায় পৌঁছাই। সেখানে আমাদের আটক করে আরাকান আর্মি। পরে প্রায় তিন দিন তিন রাত গাড়িতে করে বুচিদংয়ে নেওয়া হয়। সেখানে দুই মাস ১০ দিন রাখার পর অন্য একটি এলাকায় পাঠানো হয়। পরে মংডু পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আতিক উল্লাহ বলেন, প্রায় তিন বছর আট মাস পর দেশের মাটিতে পা রাখলাম।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরাকান আর্মি। বিজিবির ধারাবাহিক যোগাযোগ ও প্রচেষ্টায় জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। মহাপরিচালকের এই ভিশন ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে আটক থাকা অন্য জেলেদেরও দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশে ফেরা জেলেদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ১৯ আগস্ট আরাকান আর্মির কাছ থেকে ২৪ জেলেকে ফেরত আনা হয়েছিল। তাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক এবং আটজন টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা ছিলেন।
বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে মোট ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। এখনও আটক থাকা অন্য জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

