পূজা দেখে বাড়ি ফেরা হলো না সেতুর, বাসের ধাক্কায় নিভে গেল প্রাণ

ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে ‘গোল্ডেন লাইন পরিবহন’ নামে একটি বাসের ধাক্কায় সেতু রায় (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) রাতে সদর উপজেলার ২৯ মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত সেতু রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় ভবানী এলাকার জিতেন রায়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে সেতু হেঁটে সড়ক পার হচ্ছিল। এসময় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী এশিয়া পোস্টকে জানান, বাসের ধাক্কায় সেতু নামে এক কিশোরী গুরুতর আহত হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।