logo
Advertisement

হবিগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

এশিয়া পোস্ট নিউজ,হবিগঞ্জ
হবিগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ এবং একই বিদ্যালয়ের দপ্তরি শামীম রেজা। মাসুম পারভেজ নেত্রকোনা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে এবং শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেলযোগে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত শামীম রেজাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

শেরপুর হাইওয়ে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।