logo
Advertisement

হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ,ব্রাহ্মণবাড়িয়া
হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের বিক্ষোভ
বিক্ষোভ মিছিল করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে গান-বাজনা ও নৌকাবাইচ নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহ ও তার দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কটের ঘোষণা দিয়েছেন তারা।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে শহরের কান্দিপাড়ায় জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ‘ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ’-এর ব্যানারে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মাদ্রাসার সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে বিক্ষোভকারীরা ‘বয়কট হাসনাত আবদুল্লাহ’, ‘বয়কট, বয়কট, এনসিপি বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘শাহবাগীর ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগানও শোনা যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার গান-বাজনা ও নৌকাবাইচ নিয়ে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, তা এ অঞ্চলের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থানীয় মানুষের অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। তার বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা বলেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে হাসনাত আবদুল্লাহ ও এনসিপির বিভিন্ন কর্মসূচি বর্জনের পাশাপাশি ভবিষ্যতে আরও কর্মসূচি পালন করা হবে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারজিস আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এ কর্মসূচিকে ঘিরে শহরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে মাদ্রাসাশিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এখন পরিবেশ শান্ত আছে। যেহেতু বিকেলে এনসিপির রাজনৈতিক সভা রয়েছে সেক্ষেত্রে পুলিশ মোতায়েন থাকবে।