Advertisement

ক্যানসার আক্রান্ত শিক্ষকের বাঁচার আকুতি

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
ক্যানসার আক্রান্ত শিক্ষকের বাঁচার আকুতি
সফিকুল ইসলাম সাজু। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম সাজু আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী প্যানক্রিয়াটিক (অগ্ন্যাশয়) ক্যানসারে। ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করতে হিমশিম খাচ্ছে তার পরিবার। জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতার আহ্ববান জানান এই শিক্ষক।

মঙ্গলবার (২১ জুলাই) এশিয়া পোস্টের নোয়াখালী প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

সফিকুল ইসলাম সাজু ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি কবিরহাট সরকারি কলেজে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে আসা এই শিক্ষকের রয়েছে দুই সন্তান। কয়েক মাস আগে শারীরিক অসুস্থতা অনুভব করলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার অগ্ন্যাশয়ে ক্যানসার শনাক্ত করেন।

পরিবারের সদস্যরা জানান, বর্তমানে তার ক্যানসার চতুর্থ পর্যায়ে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ভারত অথবা থাইল্যান্ডে নেওয়ার প্রয়োজন। সেখানে চিকিৎসা সম্পন্ন করতে প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সফিকুল ইসলাম সাজুর ছোট ভাই শাহেদ বলেন, ভাই সবসময় মানুষের জন্য কাজ করেছেন। কখনও কারও কাছে কিছু চাননি। কিন্তু আজ জীবন বাঁচাতে তাকে সবার সহযোগিতা চাইতে হচ্ছে। আমরা আত্মীয়স্বজন মিলে যতটুকু সম্ভব চেষ্টা করছি, কিন্তু চিকিৎসার ব্যয় আমাদের সামর্থ্যের বাইরে। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে হয়ত আমার ভাই আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

মামা নাসির উদ্দিন বলেন, সাজু ছোটোবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও ভদ্র একজন মানুষ। শিক্ষক হিসেবে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ে তুলেছেন। আজ তার এই কঠিন সময়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে আন্তরিকভাবে সহযোগিতার আবেদন জানাচ্ছি।

সফিকুল ইসলামের স্ত্রী বলেন, আমাদের দুটি ছোট সন্তান আছে। ওরা প্রতিদিন বাবার জন্য অপেক্ষা করে। আমি শুধু চাই আমার স্বামী সুস্থ হয়ে আবার সন্তানদের কাছে ফিরে আসুক। চিকিৎসার জন্য যে বিপুল অর্থ প্রয়োজন, তা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। সবাই যদি যার যার অবস্থান থেকে একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারব।

অসুস্থ সফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, শিক্ষকতা শুধু আমার পেশা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক নীরব অঙ্গীকার। আমি দীর্ঘদিন থেকেই অসুস্থতায় ভুগছি তবে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় সুচিকিৎসা ব্যাহত হচ্ছে।

কবিরহাট কলেজের শিক্ষক সফিকুল ইসলামের সহকর্মীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের কাছে প্রিয় ‘সাজু স্যার’ নামে পরিচিত এই মানুষটি আজ নিজেই জীবন রক্ষার লড়াইয়ে সবার সহযোগিতা কামনা করছেন। একজন শিক্ষকের দুঃসময়ে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

সফিকুল ইসলাম সাজু ও তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, শুভানুধ্যায়ী, প্রাক্তন শিক্ষার্থী এবং দেশ-বিদেশে অবস্থানরত মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। তাদের বিশ্বাস, সবার সহায়তাই পারে একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে নতুন জীবন ফিরিয়ে দিতে।

চিকিৎসা সহায়তা পাঠানোর মাধ্যম: বিকাশ/নগদ নম্বর (পার্সোনাল) ০১৭০১৩০০৫০০। ব্যাংক হিসাবের নাম— মো. সফিকুল ইসলাম, হিসাব নম্বর— ৩৮১৪১০১০২৬৭২, রাউটিং নম্বর— ২০০৭৫১২৭০, সোনালী ব্যাংক পিএলসি, কালামুন্সি বাজার শাখা, কবিরহাট, নোয়াখালী।

বিষয় :নোয়াখালী