দেড় ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে দেড় ঘণ্টার জন্য মুক্তি পান জেলা ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে বাবার জানাজায় অংশ নেন তিনি।
আলাউদ্দিন পাটোয়ারী রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। বর্তমানে তিনি একটি অস্ত্র মামলায় কারাবন্দি রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবাকে শেষবারের মতো দেখা ও জানাজায় অংশ নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য তার মুক্তি মেলে। এরপর কড়া পুলিশি পাহারায় তাকে নিজ গ্রামে নিয়ে আসা হয়। জানাজা শেষে রাত ৮টার দিকে আলাউদ্দিনকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পুলিশি নিরাপত্তায় আলাউদ্দিনকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আলাউদ্দিন পাটোয়ারী গত বছরের ১ ডিসেম্বর যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি রিভলভার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হন। সেই থেকে তিনি জেলা কারাগারে রয়েছেন।