হৃদয় হত্যা মামলায় বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর মোহাম্মদ হৃদয় (১৬) হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে এই মামলায় ওয়াকিল হোসেন বগাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
গত ২৯ সেপ্টেম্বর রাতে নগরের খুলশী থানার পাহাড়তলী ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলিতে হৃদয়কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, বাসা থেকে ডেকে নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এ সময় প্রথমে তার কান কেটে ফেলা হয় এবং পরবর্তীতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। পাহাড়তলী এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় পেশায় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতেন এবং তিনি ‘৫জি’ গ্রুপের সদস্য ছিলেন। তাকে হত্যার ঘটনায় ‘৭জি’ গ্রুপের সদস্যরা জড়িত বলে অভিযোগ রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই কিশোর গ্যাংগুলো নিয়ন্ত্রণ করতেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগা।
