চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ছয়জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রাঘাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে (৪ জুন) বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম ও নাচোলের নিজামপুর ইউনিয়নের গুষাইপুর এলাকার সাকিউলের ছেলে হাসান আলী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জে তিনজন বজ্রাঘাতে মারা গেছেন। তারা সবাই বৃষ্টির সময় বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে গিয়েছিলেন। সেখানেই বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, বিকেলে বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাচোল উপজেলার লাহাবাড়িতে মাঠে ঘাস কাটতে গিয়ে বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে সুমিয়ারা বেগম মারা যান বলে নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ। একই উপজেলার নিজামপুর ইউনিয়নের গুষাইপুর এলাকার হাসান আলী আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, শিবগঞ্জের নিহত তিন পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে।
একইভাবে সদর ও নাচোল উপজেলা প্রশাসনের পক্ষ আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
