চাকা ফেটে উল্টে গেল কাভার্ডভ্যান, চালক নিহত
এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি চলন্ত কাভার্ডভ্যানের চাকা ফেটে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির চালক নিহত হন।
শনিবার (৬ জুন) সকাল আটটার দিকে সোনারগাঁয়ের নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিদ্যুতের খুঁটি ভেঙে এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শামীম জানান, কাভার্ডভ্যানটি উল্টে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এত খুঁটিটি ভেঙে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, নিহত কাভার্ডভ্যান চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
