Advertisement

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০ নেতাকর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০ নেতাকর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
গোপালগঞ্জের কাশিয়ানী থানা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিছুর রহমান।

পুলিশ জানায়, উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের বাসিন্দা এবং রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক বুধবার রাতে কাশিয়ানী থানায় মামলাটি করেন। তিনি একই গ্রামের হাজী কায়েম উদ্দিন ফকিরের ছেলে।

এজাহারে উল্লেখ করা হয়, ১৪ জুলাই বিকেলে উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনার অংশ হিসেবে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করেন, যা জনমনে আতঙ্ক ও ক্ষোভের জন্ম দেয়।

আরও বলা হয়েছে, ওই সময় বাদী এমদাদুল হক মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা তার ওপর এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়। তাদের মারধরের পাশাপাশি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে জেলা সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান বলেন, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, বিএনপি নেতাদের মারধর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি হয়েছে। ১৮ জন আসামিকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।