মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ঘটনাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন।
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মহেশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করছেন। সেখান থেকে তিনি সাম্প্রতিক বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পুনর্বাসনের জন্য নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।
.png)


